এইমাত্র পাওয়া

মৎস্য খামার দখল করে ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা করল খুবি শিক্ষার্থীরা

খুলনাঃ দীর্ঘদিনের দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে মৎস্য বীজ খামারের কার্যালয়ে যায়। সেখানে সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীদের ১০ মিনিটের সময় বেঁধে দিয়ে বের হয়ে যেতে বলা হয়।

কর্মকর্তারা চলে গেলে শিক্ষার্থীরা মূল ভবনে ‘শহীদ মীর মুগ্ধ হল’ লেখা ব্যানার টাঙিয়ে দেয় এবং “দাবি নয়, অধিকার মৎস্য ভবন দরকার”সহ বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তারা বিকেল ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সূত্র জানায়, সীমানার ভেতরে অবস্থিত ১০.৩৫ একর আয়তনের এ খামারটি আবাসন সংকট নিরসন, গবেষণাগার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে বড় বাধা হয়ে আছে। বর্তমানে খুবির শিক্ষার্থী সংখ্যা ৭ হাজারের বেশি হলেও হল রয়েছে মাত্র পাঁচটি।

এসব হলে মাত্র ৩০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন। জীববিজ্ঞানভিত্তিক ডিসিপ্লিনগুলোর মাঠ গবেষণার ক্ষেত্রেও জমির অভাবে তীব্র সমস্যা তৈরি হচ্ছে।

এর আগে, ২০২৪ সালের নভেম্বর মাসে শিক্ষার্থীরা মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের কাছে স্মারকলিপি দেয় এবং মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষা মন্ত্রণালয় ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জমি হস্তান্তরের অনুরোধ জানায়।

চলতি বছরের মার্চে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ দাবিকে যৌক্তিক উল্লেখ করে সমাধানের আশ্বাস দিলেও এখনও বিষয়টি ঝুলে আছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.