স্কুলশিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জামালপুরঃ শ্রেণিকক্ষে অশালীন মন্তব্য ও অশোভন আচরণের অভিযোগে জামালপুরের মেলান্দহে হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের অপসারণের দাবি করেছে শিক্ষার্থীরা। বুধবার (৬ আগস্ট) দুপুরে দাবির সপক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, আইসিটি শিক্ষক তৌহিদুল ইসলাম লুলু শ্রেণিকক্ষে পাঠদানের নামে প্রায়ই অশ্লীল ভাষা ব্যবহার করেন, আপত্তিকর উদাহরণ দেন এবং ছাত্রীদের দিকে কুনজরে তাকান।

এর আগে গত ৩১ জুলাই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে একটি লিখিত অভিযোগ করে।

অভিযোগে বলা হয়, শিক্ষক ক্লাসে এসে অশ্লীল কথাবার্তা বলেন এবং কুনজরে তাকিয়ে থাকেন। আমরা তার ক্লাস করতে চাই না।

শিক্ষার্থীরা জানায়, লিখিত অভিযোগ দেওয়ার পর ওই শিক্ষক কয়েকজন সহকর্মীসহ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করেন ও নানা কথা বলেন।

দশম শ্রেণির শিক্ষার্থী মেঘলা বলে, ‘আমরা স্কুলে শিক্ষা নিতে আসি, কিন্তু লুলু স্যার ক্লাসের নামে অশ্লীল গল্প করেন। আমরা তার অপসারণ চাই। আজকেও তিনি আমাদের হুমকি দিয়ে বলেছেন, এসব করলে তোমাদের দেখে নেব।’

অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘স্যার ক্লাসে বলেন, তিনি ঘুরতে গিয়ে এক মেয়ের শাড়ি খুলে যেতে দেখেছেন এবং সেটি তার ভালো লেগেছে। তিনি সব সময় কুদৃষ্টিতে তাকিয়ে থাকেন।

শিক্ষার্থীরা আরো জানায়, অভিযুক্ত শিক্ষক এর আগেও এমন আচরণের জন্য সমালোচিত হয়েছিলেন এবং সে ঘটনায় তার বিচারও হয়েছিল।

তবে অভিযুক্ত শিক্ষক তৌহিদুল ইসলাম লুলু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি সব সময় দুর্নীতির বিপক্ষে কথা বলায় ষড়যন্ত্র করছে। ছোট ছোট শিক্ষার্থীকে কিছু শিক্ষক বুঝিয়ে তারা এসব করিয়েছেন।’

হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা বেগম বলেন, ‘অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানো হয়েছে। কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.