এইমাত্র পাওয়া

বিমান বিধ্বস্ত: শিক্ষিকা মেহেরীন চৌধুরীর কবরে বিজিবির শ্রদ্ধা

ঢাকাঃ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিরবিদায় নেওয়া সাহসী শিক্ষিকা মেহেরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিজিবি।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে বিজিবির রংপুর রিজিয়নের আয়োজনে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে ওই শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিজিবির রংপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারীর উচ্চ পদস্থ কর্মকর্তা, রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সকালে সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্য, শিক্ষক, শিক্ষার্থীরা ওই গ্রামে পৌঁছেন। এরপর ১১টার দিকে মেহেরীন চৌধুরীর কবরে পুষ্পমাল্য অর্পণ, স্যালুট প্রদান, এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকতা শেষে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষিকা মেহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্ত প্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ।’

গত ২১ জুলাই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে রাতে চিরবিদায় নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরী।

২২ জুলাই বিকেল ৪টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading