খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় কুয়েটের দুর্বার বাংলা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি থমকে গেছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।
আয়োজনে অংশগ্রহণকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ, ফলাফল প্রকাশ বিলম্বিত, ভর্তি প্রক্রিয়া আটকে থাকা, প্রশাসনিক পদে শূন্যতা, এমনকি শিক্ষার্থীদের বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
বক্তারা দ্রুত একটি স্থায়ী সমাধান চেয়ে বলেন, একজন যোগ্য ভাইস-চ্যান্সেলর নিয়োগই এখন সংকট নিরসনের একমাত্র উপায়।
মানববন্ধনে জানানো হয়, এর আগে এই সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি ও সংশ্লিষ্টরা একাধিকবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টার কাছে লিখিতভাবে বিষয়টি তুলে ধরেছেন।
গত ২৫ মে, ২৯ মে ও ২৫ জুন-এই তিন দফায় পত্র প্রেরণ ছাড়াও, ২৬ জুন ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন এবং ১৩ জুলাই ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খানের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ ছাড়া ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, ছাত্রকল্যাণ পরিচালক, প্রভোস্টসহ প্রশাসনিক দায়িত্বশীলদের সঙ্গে আলোচনায় শিক্ষক নেতারা জানান, ভিসি না থাকায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা যেমন সম্ভব নয়, তেমনি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ভিসি না থাকায় প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। শিক্ষা কার্যক্রম সচল করতে দ্রুত একজন স্থায়ী এবং যোগ্য ভাইস-চ্যান্সেলর নিয়োগ দিতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
