এইমাত্র পাওয়া

শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা কুবি শিক্ষার্থীদের

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কু্বি) ফার্মেসী বিভাগে অতিদ্রুত শিক্ষক সংকট নিরসনে অন্তত ৫ জন শিক্ষক নিয়োগের এক দফা কর্মসূচি ঘোষণা করেছেন বিভাগের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া অবধি অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ফার্মেসী বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ফার্মেসী সোসাইটির সহ-সভাপতি আতেফা নাহার, সাধারণ সম্পাদক মো. ইয়াছিনসহ সোসাইটি এবং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় সংবাদ সম্মেলনে বিভাগ সংশ্লিষ্টরা অভিযোগ জানিয়ে বলেন, গত কয়েক মাস ধরে ফার্মেসী বিভাগে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে সঠিকভাবে ক্লাস ও পরীক্ষা পরিচালিত না হওয়ায় শিক্ষার্থীরা একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই সংকট নিরসনে এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া অবধি তাদের ঘোষিত কর্মসূচি হলো— ১. এই মুহূর্ত থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন। সেমিস্টার ফাইনাল ও ভাইবা এর আওতামুক্ত থাকবে। ২. আগামী রোববারের মধ্যে কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না এলে, সোমবার থেকে উপাচার্য দপ্তর ও বিজ্ঞান অনুষদের ডিন অফিসে তালা ঝুলিয়ে দেয়া হবে।

এ বিষয়ে ফার্মেসি সোসাইটির সহ-সভাপতি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতেফা নাহার লিয়া বলেন, আমাদের বিভাগ বর্তমানে মারাত্মক শিক্ষক সংকটে রয়েছে। নিয়মিত শ্রেণিকক্ষের পাঠদান, গবেষণা কার্যক্রম এবং ল্যাব ক্লাসগুলো প্রত্যাশিতভাবে পরিচালিত হচ্ছে না। এ পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা শিক্ষাজীবনে অনিশ্চয়তা অনুভব করছি।

দাবির বিষয়ে তিনি বলেন, আমাদের একমাত্র দাবি-যত দ্রুত সম্ভব পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া হোক, যেন আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যায়। আমরা উন্নতমানের শিক্ষার পরিবেশ চাই, যা আমাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম ভূঁইয়া বলেন, শিক্ষা আমাদের অধিকার। আমাদের পরিপূর্ণভাবে, নির্দিষ্ট শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। আমরা যদি শিক্ষক সংকটের কারণে প্রপার শিক্ষাটা না পাই। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আজ আমরা আমাদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছি। আশা করবো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অতিসত্বর আমাদের শিক্ষক নিরশন করে ক্লাসে ফিরিয়ে নিবে। না হয় আমরা আরো কঠোর অবস্থানে যাবো ইনশাল্লাহ।

বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘ফার্মেসি বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে। দুই’শ ক্রেডিটের ৫ বছর মেয়াদি এই কোর্স ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ৪ বছরে রূপান্তর করা হলেও মাত্র ৫ জন শিক্ষক দিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম চালানো খুবই কঠিন। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু ইউজিসি পর্যাপ্ত জনবল না দিলে আমাদের কিছু করার থাকে না। শিক্ষার্থীরা আজ ভিসি স্যারের সাথেও কথা বলেছে, কিছু নির্দেশনা পেয়েছে বলেও শুনেছি।

শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের বিষয়ে তিনি বলেন, আমি বিষয়টি জানি এবং ওদের সাথে কথা হয়েছে। ওরা জানিয়েছে, আগামী সোমবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করবে। আমি আশা করি ইউজিসি দ্রুত শিক্ষকদের বরাদ্দ দেবে।

উল্লেখ্য, বিভাগটির মোট ১২ জন শিক্ষকের মধ্যে ৭ জনই আছেন শিক্ষা ছুটিতে। বাকি ৫ জন শিক্ষক দিয়ে চলছে আটটি ব্যাচের ৩০০ জনের উপরে শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading