ঢাকাঃ দেড় মাস বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। আজ শনিবার (১২ জুলাই) সকাল থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার (১১ জুলাই) খুলেছে আবাসিক হোস্টেল।
গত ৮ জুলাই কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত নোটিশে ক্লাস ও হোস্টেল চালুর বিষয়টি জানিয়েছিলেন।
নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত ২৮ মে ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর মধ্যে ৫ থেকে ১৪ জুন ঈদের ছুটিতে বন্ধ থাকে কলেজ। ঈদের ছুটি শেষ হলেও ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনে একাত্মতা জানিয়ে নবাগত শিক্ষার্থীরা ১৭ জুনের ওরিয়েন্টেশন বর্জন করেন। পরে ২১ জুন পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু হয়।
ক্লাস বর্জনসহ অবস্থান কর্মসূচি চলাকালে ওই দিনই অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। একই সাথে ২২ জুনের মধ্যে শিক্ষার্থীদের হোস্টেলত্যাগের নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীরা হোস্টেল ত্যাগ করতেও অস্বীকৃতি জানান।
২৩ জুন পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় থেকে আশ্বাস পেলেও কলেজ প্রশাসনের উপর আস্থা রাখতে পারেননি তারা। ফলে নিজেদের ক্লাস বর্জনের সিদ্ধান্তে অটল থাকেন।
এরই মধ্যে কয়েক দফা আলোচনার পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে রাজি হলে ৮ জুলাই একাডেমিক কার্যক্রম চালুর নোটিশ দেয় কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা যে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছিলেন, সেগুলো হচ্ছে—নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস করা, ছাত্রাবাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, নতুন একাডেমিক ভবনের জন্য আলাদা বাজেট পাস করা, আবাসন ও অ্যাকাডেমিক ভবনের বাজেট পৃথকভাবে অনুমোদন করতে হবে ও দ্রুত বাস্তবায়ন করা এবং সব প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি শিক্ষার্থীদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য শিক্ষার্থী প্রতিনিধি ঠিক করা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
