নিজস্ব প্রতিবেদক, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, যৌন হয়রানি ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (০৫ জুলাই) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আজিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা যৌন হয়রানি, অনাকাঙ্ক্ষিত ও অশ্লীল আচরণ, ক্লাসরুমে পোশাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং হোয়াটসঅ্যাপ/মেসেঞ্জার/ইমোর মাধ্যমে ভিডিও কলে আপত্তিকর কথাবার্তার অভিযোগ এনেছে। এই সংক্রান্ত সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। ফলে ৫ জুলাই থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ২২ জুন বিভাগের সভাপতির কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ প্রদান করেন ছাত্রীরা। অভিযোগপত্রে অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম দীর্ঘদিন থেকে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ ও অশালীন ব্যবহার করে আসছেন বলে উল্লেখ করা হয়।
ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ মেসেজ প্রদান, ইচ্ছাকৃতভাবে পরীক্ষার নম্বর কমিয়ে দেয়া, রুমে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আপত্তিকর জিজ্ঞাসা, ক্লাসে সবার সামনে আজেবাজে ইঙ্গিত করা, ছাত্রীদের রাতে ভিডিও কল দেয়া, কল না ধরলে রেজাল্ট খারাপ করানোর হুমকি, বিবাহিত ছাত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য, নিজের অধীনে প্রজেক্ট করতে পছন্দের ছাত্রীদের বাধ্য করা ও ছাত্রীদের বডি শেমিং করাসহ নানাভাবে হেনস্তা করতেন।
তবে এতদিন শিক্ষার্থীরা ভয়ে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেনি। অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত শেষে ওই শিক্ষককে বিভাগের সকল কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে ২ জুলাই ভিসির কাছে বিভাগটির দুই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা দেয়া হয়। এতে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
