নড়াইলে এইচএসসি পরীক্ষায় ভুল সেটে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ দুজনকে শোকজ

নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় বোর্ড নির্ধারিত ৪র্থ সেটের পরিবর্তে ভুলবশত ২য় সেটে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শোকজ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

জানা গেছে, রোববার (২৯ জুন) সকাল ১০টায় শুরু হওয়া বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৫৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৪নং সেটে পরীক্ষা গ্রহণের কথা থাকলেও সংশ্লিষ্ট কলেজ কেন্দ্র কর্তৃপক্ষ ২নং সেটে পরীক্ষা নেয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা অন্যান্য কেন্দ্রের প্রশ্নের সঙ্গে মিলিয়ে বিভ্রান্ত হয় এবং পরে বিষয়টি প্রকাশ পায়।

এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা কলেজে এসে প্রতিবাদ জানালে কর্তৃপক্ষ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন, “ভুল সেটে পরীক্ষা নেয়ায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এখন খাতা মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়ে চিন্তায় আছি।”

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব কাজল কুমার বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ জানান, ভুলের বিষয়টি বোর্ডকে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস (কেন্দ্র সচিব) এবং লোহাগড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম (ট্যাগ অফিসার)।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন বলেন, “পরীক্ষার্থীদের ক্ষতি যেন না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সেটের প্রশ্ন অনুযায়ীই খাতা মূল্যায়ন করা হবে। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে অব্যাহতি ও শোকজ করা হয়েছে।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.