শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ঈদের পর, বাদ পড়ছেন ৩৫ বছরের বেশি বয়সীরা

ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আগামী ১৬ জুন। এতে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে ২২ জুন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র এ তথ্য জানিয়েছে।

এনটিআরসিএর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, আমাদের টার্গেট ১৬ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং ২২ জুন থেকে আবেদন। বিষয়টি চূড়ান্ত। এরপরও কোনো কারণে দেরি হলেও জুনের মধ্যেই গণবিজ্ঞপ্তি হবে।

আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ বছরের বেশি বয়সী নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।

জানতে চাইলে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.