এইমাত্র পাওয়া

নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ জন উপ-রেজিস্ট্রার পদমর্যাদার কর্মকর্তা ও একজন সহকারী রেজিস্ট্রারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে’ প্রয়োজন বিবেচনা করে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। 

বাধ্যতামূলক অবসরপ্রাপ্তরা হলেন, উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, মোছা. জিন্নাত আরা, অমিত কুমার দাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. মতিউর রহমান মোল্যা এবং সহকারী রেজিস্ট্রার কে এম বদরুল আলম।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

এর আগে গত ১৭ ডিসেম্বর ২৬৫তম সিন্ডিকেট সভায় ২০ জন শিক্ষক-কর্মকর্তাকে একই বিধি মোতাবেক বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাদের মধ্যে একজন শিক্ষক ও বাকি ১৯ জন কর্মকর্তা। ৫ আগস্টের পটপবির্তনের পর এ নিয়ে মোট ২৯ জন শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো জাতীয় বিশ্ববিদ্যালয়।

সংবাদ  বিজ্ঞপ্তির তথ্যমতে, ‘২৫ বছর চাকরিপূর্তিতে ঐচ্ছিক অবসর ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো কর্মচারীকে অবসরে পাঠানোর বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকরি সংবিধি সংশোধন করার প্রস্তাব গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদন করা হয়।’

এরপর ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হয়। সেই বিধি মোতাবেক সিন্ডিকেট সভায় ৯ জন কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন বিবেচনা করে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৪/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.