ঢাকাঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা তদারকি করতে বের হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি হঠাৎ বাসে উঠে যাত্রীদের খোঁজখবর নেন এবং ভাড়া সম্পর্কে জানতে চান। শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার পর রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি এখানে এসেছিলাম টিকিটের দাম অতিরিক্ত আদায় হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করতে। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তবে যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে আপনাদের বিআরটিএ ভিজিলেন্স টিম অথবা পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ নাশকতা করতে পারবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, বিজিবি ও আনসার ছুটি কাটাচ্ছে না। তারা কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এ জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন। আপনাদের বাসাবাড়ি ভালো থাকে। এ জন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পারছে। আমরা চেষ্টা করছি, তারা যেন ভালোভাবে বাড়ি যেতে পারে এবং ভালোভাবে আবার ঢাকায় ফিরে আসতে পারে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
