ফারজানা সিঁথিকে ধ-র্ষ-ণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা

ঢাকাঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন ফারজানা সিঁথি। আন্দোলনের সময় তার স্লোগানসহ বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আন্দোলনের পর বিভিন্ন সময়ে নানান কারণে ছিলেন আলোচনায়। ফলে ভাইরাল কন্যা হিসেবেই পরিচিত পান সিঁথি।

সম্প্রতি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। ‘একলা মানুষ’ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি। এবার সেই সিঁথি ধর্ষণের হুমকি পেয়েছেন।

খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে ধর্ষণের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (১১ মার্চ) রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি।

সিঁথি গণমাধ্যমকে বলেন, ‘২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবন যাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন।’

অভিযুক্ত হৃদয়ের পরিচয় তুলে তিনি বলেন, ‘ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।’

সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.