পদোন্নতির বাধা কাটছে প্রশাসনের ৩০তম ব্যাচের কর্মকর্তাদের

ঢাকাঃ অবশেষে পদোন্নতির বাধা কাটতে শুরু করছে প্রশাসনের ৩০তম ব্যাচের কর্মকর্তাদের। পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জনের প্রায় দুই বছর পর তাদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এদিকে প্রশাসনের ২৪তম ব্যাচ ও অন্য ২৫ ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঈদের আগেই যুগ্ম সচিব পদে তাদের পদোন্নতি হতে পারে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩০তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে যাচাই-বাছাই করে বিতর্কিত কর্মকর্তাদের পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়া হয়। এখন প্রশাসন ক্যাডার ও অন্য ২৫ ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের পদোন্নতি পাওয়ার যোগ্য কর্মকর্তাদের তালিকা করা হয়েছে। এই ব্যাচের প্রায় ৫১৬ জন কর্মকর্তা পদোন্নতির জন্য বিবেচনায় রয়েছেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারের (ইকোনমিক ক্যাডারসহ) ২৮৪ জন ও অন্য ২৫ ক্যাডার সার্ভিসের ২৩২ জন রয়েছেন। দ্রুতই তাদের উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু করে। এরই অংশ হিসেবে ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপপ্রয়োগ ও অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। এই কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে এরই মধ্যে প্রশাসনের সর্বোচ্চ পদ সচিব থেকে শুরু করে উপসচিব পর্যায়ে বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বাধ্যতামূলক অবসর, গুরুত্বহীন পদে পদায়নসহ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে অনেককে। এই গণব্যবস্থা নেওয়ায় একদিকে যেমন হতাশা-আতঙ্কে রয়েছেন প্রশাসনের অনেক কর্মকর্তা; বিপরীতে গত সরকার আমলে পদোন্নতি বঞ্চিত, ওএসডি হওয়া অনেক কর্মকর্তাই স্বপ্ন দেখছেন প্রাপ্য পদোন্নতির।

ইতোমধ্যে বিগত সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত, বাধ্যতামূলক অবসরে পাঠানো- এমন বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে সরকার।

এদিকে নিয়মিত পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে প্রশাসন ক্যাডার সার্ভিসের ২৪তম ব্যাচসহ অন্য ২৫ ক্যাডারের অনেক কর্মকর্তা। একদিকে সরকার পরিবর্তন, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র মেরামত বা সংস্কারের উদ্যোগ- সবকিছু মিলিয়ে সামান্য কিছুটা পিছিয়ে গেলেও পদোন্নতির দ্বারপ্রান্তে ২৪তম ব্যাচ ও অন্য ২৫ ক্যাডার কর্মকর্তাদের বড় একটা অংশ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এসএসবি সভায় প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচ ও অন্য ২৫ ক্যাডার থেকে কর্মকর্তাদের পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়েছে। এসএসবিতে পদোন্নতিতে বাছাইয়ের ক্ষেত্রে ক্লিন ইমেজের দক্ষ যোগ্য কর্মকর্তাদের বাছাই করা হয়েছে। আর যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ, দুর্নীতি, অনিয়ম বা কোনো কোনো ক্ষেত্রে বিতর্ক রয়েছে, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার চার শতাধিক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তালিকার সারসংক্ষেপ অনুমোদনের জন্য তৈরি করা হয়েছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা অনুমোদন করলেই তালিকা প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নিয়মিত হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডার ২৪তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হয়েছে। এর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা পদোন্নতিবঞ্চিত ছিলেন এমন কর্মকর্তা এবং ২৫ ক্যাডার কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হচ্ছে। তা ছাড়া বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে যুগ্ম সচিব পদে পদোন্নতিবঞ্চিত ছিলেন এমন অর্ধশতাধিক কর্মকর্তাকেও তালিকায় রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান প্রশাসনে যুগ্ম সচিবের অনুমোদিত পদ রয়েছে ৫০২টি। তবে কর্মরত রয়েছেন ৮৬২ জন। এই ব্যাচের কর্মকর্তারা ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে ক্যাডার সার্ভিসে যোগ দিয়েছিলেন। এই ব্যাচে তখন মোট ৩৩৬ জন কর্মকর্তা চাকরিতে যোগ দিয়েছিলেন।

বিএনপি আমলে নিয়োগ পাওয়ায় বিগত সরকার এসব কর্মকর্তাকে বিএনপিদলীয় ট্যাগ দিয়ে কম গুরুত্বপূর্ণ পদে পদায়নসহ পদোন্নতিবঞ্চিত করেছে বলে অভিযোগ রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.