শিক্ষা প্রতিষ্ঠানে খ্রিস্টান ধর্ম শিক্ষক নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ খ্রিস্টানদের ধর্মীয় ইতিহাস রক্ষায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে খ্রিস্টান ধর্ম শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও।

শুক্রবার (৭ মার্চ) সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ‘ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের বার্ষিক সভা ও প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি।

এসময় নির্মল রোজারিও দাবি জানিয়ে বলেন, জাতীয় কর্মসূচীতে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনকে সাংগঠনিক ভাবে নিমন্ত্রণ করতে হবে ও অনুষ্ঠানের শুরুতে অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো পবিত্র বাইবেল পাঠের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক জেলা ও উপজেলায় সরকারিভাবে খ্রিস্টান কবরস্থানের ব্যবস্থা করতে হবে।’

সাতক্ষীরা জেলায় অন্তত দুটি সরকারিভাবে মডেল গীর্জা নির্মাণ করার দাবিও জানান তিনি।

এর আগে বড়দল সেন্ট জেভিয়ার চার্চের হলরুমে বার্ষিক সমন্বয় সভা ও প্রতিনিধি সমাবেশে শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।

খ্রিস্টান এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধর্মপল্লীর পালক পুরোহিত রেভা. ফাদার জুয়েল ম্যাকফিল্ড।

খ্রিস্টান এসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার সভাপতি পিউস হালদার ও সাধারণ সম্পাদক লালন সরকারের ব্যবস্থাপনায় সভায় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার প্রেসিডেন্ট রোটারিয়ান স্বপন বৈরাগী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা, কলারোয়ার পালক ডেবিট গনেশ বিশ্বাস, ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভা. ফাদার মার্টিন শঙ্কর মন্ডল প্রমুখ।

সবশেষ উপস্থিত অতিথিসহ খ্রিস্টান এসোসিয়েশনের সব নেতারা স্টার সানডেতে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিসহ মোট নয়টি দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৩/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.