এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ঢাকাঃ সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসবভাতা প্রদানসহ এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল করছে শিক্ষকেরা।

রোববার (০২ মার্চ) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৮তম দিনে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যরা। দুপুর একটা বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষকেরা। পরে মিছিলটি পুরান পল্টন মোড় ঘুরে একইস্থানের অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

‘এক দফা এক দাবি, জতীয়করণ-জাতীয়করণ’, ‘তুমি কে আমি কে, শিক্ষক-শিক্ষক’, ‘মোদের দাবি একটায়, জাতীয়করণ-জাতীয়করণ’ এসব বলে মিছিলে স্লোগান দেন শিক্ষকেরা।

অবস্থান কর্মসূচিতে ভোলা জেলার ব্যাংকের হাট হাইস্কুলের শিক্ষক জাহাঙ্গীরর হোসেন বলেন, আমরা সরকারি স্কুলের মতো সব সেবা প্রদান করি কিন্তু আমরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হই। এটা আর আমরা মেনে নেব না। আমরা দ্রুতই আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ চাই।

ব্রাহ্মণবাড়ীয়ার ড. রওশন আলম কলেজের প্রভাষক শ্রী রাম সরকার বলেন, আমরা ঠিকমতো পরিশ্রম করি কিন্তু সুবিধার বেলায় শুধু বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের প্রাপ্যটা পাই না। আমরা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি। নিজেদের প্রাপ্য বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রধান ও কালতাসেন কামিল মাদরাসার অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি বলেন, আমরা সরকারি প্রতিষ্ঠানের মতো সকল নিয়ম-নীতি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। তবে সুযোগ-সুবিধার সময় নানাভাবে বঞ্চিত হচ্ছি। বর্তমান সময়ে আমাদের যে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় সেটা দিয়ে দেশের কোথাও একটা কুঁড়ে ঘরও পাওয়া সম্ভব নয়। ফলে আমরা ঠিকমতো শ্রম দেওয়ার পরও প্রাপ্যটা পাচ্ছি না। আমরা নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করছি। দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা করবো।

কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে তারা আন্দোলন করে যাচ্ছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.