এইমাত্র পাওয়া

যানজট নিরসনে সেনাবাহিনী-ডিএনসিসি একসঙ্গে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক।। শহরের নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিএনসিসি যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান। সেনাবাহিনীর সদর দপ্তরে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডিএনসিসির আওতাধীন এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন সেনাপ্রধান ও ডিএনসিসি প্রশাসক।

ডিএনসিসি প্রশাসক বলেন, সেনাবাহিনী এরই মধ্যে ডিএনসিসির নবগঠিত ১৮টি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন কাজ করছে। সেনাবাহিনীর দক্ষ লজিস্টিক ও টেকনিক্যাল সহায়তার মাধ্যমে ডিএনসিসি ভবিষ্যতেও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও ডিএনসিসির ডাটা সেন্টার ম্যানেজমেন্ট, শহরের নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসনে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে সেনাবাহিনী ও ডিএনসিসি।

এ সময় সেনাপ্রধান শহরের যুবকদের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ প্রদান ও মানবসম্পদ উন্নয়নে সিটি করপোরেশনকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

শিক্ষাবার্তা /এ/২৭/০২/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.