এইমাত্র পাওয়া

জবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানাকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান সাকিবকে সদস্য সচিব করা হয়েছে। আর মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের শিক্ষার্থী নওশীন নাওয়ার জয়া। আগামী ছয় মাসের জন্য তারা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন তিনজন, যুগ্ম-আহ্বায়ক ১০ জন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ১ জন, যুগ্ম-সদস্য সচিব ৬ জন, সিনিয়র মুখ্য সংগঠক ১ জন, সংগঠক ৬ জন, সহ-মুখপাত্র ১ জন এবং সদস্য হিসেবে আছেন ১৯ জন।

মুখ্য সংগঠক হিসেবে আছেন ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন, উপদেষ্টা সদস্য হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নুর নবী।

কমিটির সদস্য সচিব সিফাত হাসান সাকিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সার্বজনীন সংগঠন। জুলাইয়ের স্পিরিট ধারণ করে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে আমরা একসাথে কাজ করে যাব। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সকল সংকট নিরসনে শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করব ইন শা আল্লাহ। সবার সহযোগিতা কামনা করছি।

কমিটির আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে সম্মুখসারিতে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মানে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

কমিটির মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, জুলাই বিপ্লব—বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় লড়াই, যেখানে খুনি স্বৈরাচারের ১৫ বছরের শোষণ, গুম, খুন, বৈষম্য এবং স্বাধীনতা হরণের বিরুদ্ধে ছাত্র-জনতা এক কণ্ঠে জেগে উঠেছিল। এই বিপ্লব শুধু একটি আন্দোলন নয়, ছিল অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের বুকভরা সাহস আর সাম্যের দাবিতে জ্বলন্ত শপথ। আজ সেই আন্দোলনের ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

জয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অসামান্য ভূমিকা এই বিপ্লবের প্রতিটি অধ্যায়কে শক্তিশালী করেছে। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ সাজিদসহ জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগ আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন শুধু একটি মঞ্চ নয়, বরং নতুন প্রজন্মের আশা আর বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন।

তিনি আরও বলেন, যারা নানা কারণে সরাসরি কমিটিতে যুক্ত হতে পারেনি, তাদের অবদানও অনস্বীকার্য। প্রত্যেকের সমর্থন, অংশগ্রহণ, আর ঐক্যই আমাদের শক্তি। জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে আমরা একসঙ্গে কাজ করব একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের শপথই হোক আমাদের ঐক্যের কেন্দ্রবিন্দু।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.