ঢাকাঃ ইসলামের পঞ্চম ভিত্তি হলো হজ। মুসলিম উম্মাহর কাছে জীবনে একবারের জন্য হলেও হজ করতে পারাটা পরম সৌভাগ্যের। পবিত্র হজ পালন করতে এ বছর যারা সৌদিতে যাবেন তাদের জন্য বিশেষ কিছু শর্ত দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এমনিতেও হাজীদের বেশ কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয় হজ্জের সময়। তবে এবার মেনে চলতে হবে একটু ভিন্ন কিছু নিয়মাবলী। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এ বছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে। তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য শর্তটি শিথিল থাকবে।
এই নিয়মের ফলে যারা জীবনে একবারও হজে অংশ নেননি তাদের জন্য হজ যাত্রা আরো সুবিধার হলো। আরেকটি শর্ত হলো ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধীতে যারা ভুগছেন, তারা হজের সুযোগ পাবেন না এবার। এছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়াও সম্পন্ন করতে হবে। মূলত প্রতি বছর হজে গিয়ে যে পরিমাণ হাজীদের মৃত্যুর ঘটনা ঘটে তার পরিমাণ কমিয়ে আনার জন্যই এই উদ্যোগ সৌদি সরকারের।
এছাড়া হজের পোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ করতে না চান, তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে। হজ যাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সকল নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।
যাদের হজের অনুমোদন দেওয়া হবে, তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময়টায় এই কাগজটি সাথে রাখতে হবে। এছাড়া নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি দেওয়া যাবে না বলে শর্ত দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এছাড়া এবারের হজে হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদেরও নিতে পারবেন না বলে সাফ জানিয়েছে সৌদি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
