ঢাকাঃ বাংলাদেশের শিক্ষক সমাজ অনেক সুবিধা থেকে বঞ্চিত বলে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। এ সময় তিনি ছাত্রজনতার গণঅভ্যূত্থান-২০২৪ নিয়ে তৈরি করা ২০২৫ সালের ক্যালেন্ডার উদ্বোধন করেন।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক এম আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে অসাধারণ মেধাসম্পন্ন তরুণ সমাজ রয়েছে। বাংলাদেশের উন্নয়নে তাদের মেধাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের শিক্ষক সমাজ অনেক সুবিধা থেকে বঞ্চিত। বিভিন্ন সময়ে তাদের দুঃখ, কষ্ট ও নিরাশার কথা শুনেছি। আমি আশাবাদী বাংলাদেশের শিক্ষকদের এসব কষ্ট নিরাশ হবে। এগুলো দুর করার জন্য কাজ করছে সরকার।’
তিনি বলেন, ‘আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি করার জন্য ইনসেনটিভ বা আর্থিক সহযোগিতার ব্যবস্থা নেই। এসব বিষয়ে সমাধান করার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। পিএইচডি ডিগ্রি অর্জন করার পরে গবেষণালব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের উপযোগী করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আমাদের দেশের শিক্ষকদের দক্ষ করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে শিক্ষকরা দেশের জন্য আত্মনির্ভরশীল দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারেন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশুনা শেষ করে আত্মনির্ভরশীল হতে পারে এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে দেশে-বিদেশে কাজ করতে পারে।
অধ্যাপক এম আমিনুর ইসলাম বলেন, বর্তমানে চতুর্থ শিল্প-বিপ্লবের যুগ চলমান। আগামীতে এআই রেভল্যুশন মোকাবিলা করার জন্য যোগ্য নাগরিক গড়ে তুলতে সরকার কাজ করছে। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এআই বিশেষজ্ঞ দিয়ে কোর্স ও কর্মশালা বাস্তবায়ন করা হচ্ছে।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক নুরে আলম তালুকদার।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
