ঢাকাঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এ গুচ্ছের তিনটি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। প্রকৌশল গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (রুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এ তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা চিঠিটি বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়গুলোতে পৌঁছেছে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এককভাবে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। সার্বিক বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ১ ডিসেম্বর গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন।
এতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রকৌশল গুচ্ছভুক্ত কেউই আর গুচ্ছ পদ্ধতিতে ফিরতে চায় না বলে জানিয়েছেন কুয়েট ও চুয়েটের ভর্তির কমিটির সদস্যরা। তবে বিষয়টি নিয়ে ঘোলাটে পরিস্থিতি তৈরি হওয়ায় তারা এ নিয়ে গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি।
প্রকৌশল গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেছেন, ‘মন্ত্রণালয় চাইছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অংশীজন, যাদের নিয়ে আমরা কাজ করি; সেই শিক্ষক-কর্মকর্তারা গুচ্ছ পদ্ধতি চান না। এটি নিয়ে জোর-জবরদস্তি করলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মন্ত্রণালয়কে বিষয়টি অনুধাবন করতে হবে। আশা করছি, শিগগির বিষয়টির সমাধান হয়ে যাবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
