নিজস্ব প্রতিবেদক।।ঝিনাইদহের কালীগঞ্জে কর্মচারীদের দৈনিক হাজিরা খাতায় একদিনে ৩ মাসের স্বাক্ষর করেছেন সরকারি মাহতাব উদ্দীন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন। রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজে ঢুকে হাজিরা খাতায় স্বাক্ষর করেন তিনি।
টেবিলের ওপর পড়ে থাকা হাজিরা খাতা খুললে দেখা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসেননি। রবিবারে সকালে প্রতিষ্ঠানে এসে বিগত ২ মাস ২৭ দিনের স্বাক্ষর একদিনে করেছেন।
তবে ইসরাইল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাসের সহযোগিতায় এমন কাজ করতে পারে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে ইসরাইল হোসেনের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস বলেন, প্রভাষক ইসরাইল হোসেন ৫ আগস্ট থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলেজে আসেননি। হাজিরা খাতায় এভাবে একদিনে প্রায় ৩ মাসের স্বাক্ষর করে রাখা অন্যায়।
এটা তিনি ঠিক করেন নাই। তিনি কিভাবে এটা করলেন তদন্ত সহকারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম কালের কণ্ঠকে জানান, হাজিরা খাতায় এভাবে স্বাক্ষর করার কারো সুযোগ নেই। এটা শৃঙ্খলা পরিপন্থী কাজ।
যেকোনো কর্মকর্তা-কর্মচারী এটা করে থাকলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে। ঘটনাটি খতিয়ে দেখা হবে।
শিক্ষাবার্তা ডট কম /এ/২৮/১০/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
