এইমাত্র পাওয়া

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন প্রফেসর আশরাফুল মুনিম

নেত্রকোণাঃ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ( প্রস্তাবিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয়) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেছেন প্রফেসর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।

বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে নতুন ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক শিক্ষার্থীসহ কর্মকর্তারা।

নেত্রকোণা জেলা শহরের রাজুর বাজার কান্দুলিয়া এলাকায় ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর প্রফেসর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে সরকার পরিবর্তন হওয়ার পর, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর গোলাম কবীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবীর প্রেক্ষিতে পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য থেকে যায় ।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে প্রফেসর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

নব নিযুক্ত ভিসি খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ছিলেন।

এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, যুক্তরাজ্য লিডস বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.