৪৭তম বিসিএসে ৩৫০০ শূন্যপদে নিয়োগের সম্ভাবনা

ঢাকাঃ বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রায় ৩,৫০০ পদ পূরণের জন্য একটি তালিকা তৈরি করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত প্রায় এক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে। সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার এ খবর জানিয়েছে।

এর আগে ২০১৩ সালে ৩৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ৮,৫২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারের ছিল ৬,৩৬০ জন।

সূত্র জানায়, গত ৫টি বিসিএস পরীক্ষার মতো ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিও নভেম্বরে ঘোষণা করা হবে। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনে দেশে কিছুটা অস্থিতিশীলতা থাকলেও সময়মতো বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে পিএসসি।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্য পদের সংখ্যা পেলে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে।”

সূত্র আরও জানায়, সরকার ২৫টি ক্যাডারে মোট ৩,৪৭৮ জন কর্মকর্তা নিয়োগ করবে। স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে ১,১৮১ সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে শিক্ষা ক্যাডারে ৯৩৮ জন, প্রশাসনে ২০০, পুলিশে ১০০, কাস্টমসে ৫০, আনসারে ৫০, ট্যাক্সে ৫০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি ও মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৯৫১ জন।

তবে ৪৭তম বিসিএসের নন-ক্যাডার পদের সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি।

৪৪তম বিসিএসে ৩৮২টি পদ নতুন করে যুক্ত হতে পারে

সূত্র আরও জানায়, ৪৪তম বিসিএসে আরও ৩৮২টি পদ নতুন করে যুক্ত হতে পারে। প্রাথমিকভাবে এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১,৭১০ পদের বিপরীতে আবেদন করেছিলেন মোট ৩,৫০,৭১৬ চাকরিপ্রার্থী।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পদের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন) ১৮০, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণে ৫৪, কর ৫৪, প্রাণিসম্পদ ২০, কৃষি ৬৮ এবং সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট, সহকারী নির্বাহী প্রকৌশলী ও সহকারী তড়িৎ প্রকৌশলী ক্যাডারে ২ জন করে নিয়োগ হতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.