ঢাকাঃ দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পরও এখনো ৫টি মেডিকেলে ১৯টি আসন ফাঁকা রয়েছে। এ আসনগুলোয় বিশেষ বিবেচনায় ভর্তির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চম দফায় ২৩ অক্টোবর পর্যন্ত ভর্তির সুযোগ পাচ্ছেন অপেক্ষমাণ শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে অপেক্ষমাণ ১৯ শিক্ষার্থীর রোল উল্লেখ করে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পঞ্চম দফার মাইগ্রেশন–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস কোর্সে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে পঞ্চম দফায় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষেরা ২৩ অক্টোবরের মধ্যে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এতে আরও বলা হয়, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির শর্তাবলি অপরিবর্তিত থাকবে। পঞ্চম দফায় অপেক্ষমাণ তালিকা থেকে বর্ণিত সময়ে শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া শেষে তথ্য ২৪ অক্টোবরের মধ্যে পরিচালক, চিকিৎসা শিক্ষা শাখায় (স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবন ২য় তলায়) বিশেষ বাহকের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আসন ফাঁকা থাকা মেডিকেল কলেজগুলো হলো—
১. বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ (১টি)
২. মাগুরা মেডিকেল কলেজ, মাগুরা (৩টি)
৩. নেত্রকোনা মেডিকেল কলেজ, নেত্রকোনা (৩টি)
৪. নীলফামারী মেডিকেল কলেজ, নীলফামারী (৩টি)
৫. শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ (৯টি)
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
