মাভাবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধ

টাঙ্গাইলঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ও সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ৪৭(৫) ‘কোন শিক্ষক বা কর্মকর্তার রাজনৈতিক মতামত পোষণের স্বাধীনতা ক্ষুন্ন না করিয়া তাঁহার চাকুরীর শর্তাবলী নির্ধারণ করিতে হইবে, তবে তিনি তাঁহার উক্ত মতামত প্রচার করিতে পারিবেন না বা তিনি নিজেকে কোন রাজনৈতিক সংগঠনের সহিত জড়িত করিতে পারিবেন না’।

এ ছাড়া গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের আভ্যন্তরীণ সদস্য, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর ও অফিস প্রধানদের সমন্বয়ে সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কয়েক দিন ধরেই রাজনীতিমুক্ত ক্যাম্পাস করার জন্য দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.