নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
একই আদেশে ডিবিপ্রধান হারুন অর রশীদকে বদলি করা হয়েছে।
তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের হেফাজতে নেয়ার পাশাপাশি তাদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ডিবি কর্মকর্তা হারুন। এমন ঘটনাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন উচ্চ আদালত।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের প্রতিনিধিদের বৈঠকেও হারুন ইস্যুতে কথা বলেন শরিকরা। সোমবার (২৯ জুলাই) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ১৪ দলের নেতারা। কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবির হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বিষয়টি নিয়ে রাশেদ খান মেনন ছাড়াও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারিসহ একাধিক নেতা কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
ডিবির হারুন অর রশীদের প্রসঙ্গে ১৪ দলের বৈঠকে হওয়া আলোচনার ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, বৈঠকে আমি ও রাশেদ খান মেননসহ অনেকেই কথা বলেছেন। মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা একটি রাজনৈতিক ও সামাজিক বিষয়। এটা সমাধানের দায়িত্ব রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা সংলাপের মাধ্যমে এর সমাধান করবেন, সেটাই বাঞ্ছনীয়। এর বাইরে আমলা দিয়ে রাজনৈতিক বিষয় সমাধানের চেষ্টা করাটা সঠিক নয়। বৈঠকে আমরা সরকারকে বলেছি, আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টাটা বাদ দিতে। এটা খুবই লজ্জাজনক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
