বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা। ভারত-বাংলাদেশের সীমান্তে অবস্থিত সুনামগঞ্জের যাদুকাটা নদী। ভারতের মেঘালয় রাজ্যের সু-উচ্চ মেঘালয় পাহাড় ঘেষা সীমান্ত লাগোয়া একটি জনপদের নাম তাহিরপুর। এ জনপদের বেশির ভাগ জনসাধারণ নিম্ন ও মধ্যবিত্ত। সীমান্ত নদী যাদুকাটা ও ১৮টি ছড়া থেকে কয়লা কুড়িয়ে ভাগ্য বদলে যাচ্ছে ওই উপজেলার কয়েক হাজার মানুষের। এ কাজের মাধ্যমে প্রায় অর্ধসহস্রাধিক নারী শ্রমিক হয়ে উঠেছেন আত্ম-নির্ভরশীল ও স্বাবলম্বী। প্রতিবছর বর্ষায় ভারত থেকে প্রবাহিত স্রোতধারায় যাদুকাটা ও সীমান্ত ঘেঁষা ছোটনালাগুলো দিয়ে বালুর সাথে মিশে থাকা কয়লা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ভারতের মেঘালয় পাহাড়ে অপরিকল্পিতভাবে কয়লা তোলার পর প্রতিবছর বর্ষা মৌসুমে পানির স্রোতের সাথে নুড়ি, বালুমিশ্রিত কয়লা যাদুকাটা নদীর স্বচ্ছ ও সীমান্ত ছড়াগুলোর পানিতে দেখা যায়। সুনামগঞ্জ জেলার প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষের প্রধান জীবিকা হলো যাদুকাটা নদীতে ভারত থেকে প্রাকৃতিকভাবে পানির স্রোতের মধ্য দিয়ে বাংলাদেশে নেমে আসা বালুর সাথে মিশে থাকা কয়লা কুড়ানো। যুগ যুগ ধরে পাহাড়ের বুক চিরে প্রবাহিত প্রাকৃতিক সৌন্দর্যে মুখর যাদুকাটা নদীর উৎসমুখ থেকে ১০ কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত এ নদীতে প্রতিদিন এ কাজ করে থাকে লক্ষাধিক শ্রমিক। সরেজমিনে ঘুরে দেখা যায়, কয়লা শ্রমিকদের মধ্যে বেশিরভাগই নারী। তারা বালুমিশ্রিত কয়লা প্রথমে ঠেলা জালিতে তুলে ও পানিতে ছেঁকে বালু থেকে আলাদা করে বস্তায় ভরে রাখে। পরে প্রতি বস্তা কয়লা সাড়ে তিনশ থেকে চারশ টাকা দরে স্থানীয় কয়লা মহাজনদের কাছে বিক্রি করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
