নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা বাতিলের এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন আশপাশের ৬টি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ঢাকা কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মুহূর্তে উভয় পক্ষই মুখোমুখি অবস্থান করছেন। চলছে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ শুরুর পর থেকে ওই এলাকায় বেশ কিছু ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করে আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ এবং মুন্সী আব্দুর রউফ কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে অবস্থান করছেন।
সরেজমিনে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে একেকবার একেক পক্ষ পিছু হটছে। নিউমার্কেট এলাকায় আসা লোকজন দৌড়াদৌড়ি শুরু করেছেন।
নিউমার্কেটে আসা পলি আক্তার বলেন, একটা কাজে কাজে আসছিলাম। হঠাৎ দেখি ঝামেলা শুরু হয়েছে। কী করবো বুঝতে পারছি না। ভয় কাজ করছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ৫০ মিনিট) সায়েন্সল্যাব থেকে ঢাকা কলেজ পর্যন্ত এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
