এইমাত্র পাওয়া

এবার বেইলি রোড অবরোধ করলো ভিকারুননিসার ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছেন রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরের পর তার বেইলি রোডে অবরোধ করেন। এ ছাড়া, বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে সড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের স্লোগানের সঙ্গে একাত্মতা পোষণ করে অনেক অভিভাবককেও অংশ নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

কোটা সংষ্কারের দাবিতে চলমান আন্দোলনে সোমবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনা ঘটেছে। ছাত্রলীগের ব্যানারে এসব হামলার অভিযোগ উঠেছে।

সোমবারের ঘটনার পর মঙ্গলবার সারাদেশে কোটাবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। এ আন্দোলনে নতুন করে যোগ দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও এ আন্দোলনে যোগ দিয়েছেন।

এদিকে মঙ্গলবার কোটা সংষ্কার আন্দোলনকারীদের ওপর হামলার পর ছাত্রলীগকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বয়কটের ডাক দিচ্ছেন। সময় যত সামনে গড়াচ্ছে এই বয়কটের ডাক তত জোরদার হচ্ছে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তমাখা ছবি প্রোফাইলে দিয়ে বয়কট সম্বলিত বিভিন্ন ক্যাপশন দিচ্ছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.