এইমাত্র পাওয়া

কাজিপুরে ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, বিকল্প স্থানে পাঠদানের নির্দেশ

সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিমাপক দপ্তরের হিসেবে গত ২৪ ঘন্টায় যমুনার পানি দুপুর ১২টা পর্যন্ত ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরইমধ্যে কাজিপুরের খাসরাজবাড়ী, তেকানি, চরগিরিশসহ নানাস্থানে দেখা দিয়েছে ভাঙন। নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় ভাঙন দেখা দিয়েছে।

এই রাস্তা ভাঙলে ওই এলাকার সঙ্গে পুরো চরাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। খাসরাজবাড়ীর একটি উঁচু রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কাজিপুর উপজেলা কৃষি কার্যালয়ের এক সূত্রে জানা গেছে, মোট ২২৮ হেক্টর জমির রোপা আমনের বীজতলা, সবজি, কলা, তিল, মরিচ, আউশ ও পাটক্ষেত পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এর পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।

কাজিপুর শিক্ষা কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত ৩০টি বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। কাজিপুর সদর ইউনিয়নের পলাশপুর, শুভগাছা ইউনিয়নের শুভগাছা, বীর শুভগাছা, উত্তর শুভগাছা, আমন মেহার, বয়রাবাড়ি, তেকানি ইউনিয়নের চর আদিত্যপুর, মাইজবাড়ী ইউনিয়নের শ্রীপুর, সুতানারা, বদুয়ারপাড়া, যুক্তিগাছা, চর দোরতা, খিরাইকান্দি, গোয়াল বাথান, চর ডগলাস, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শুভগাছা ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিকল্প স্থানে পাঠদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পানিবন্দি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সম্ভব হলে বিকল্প স্থানে পাঠদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষকদের বিদ্যালয় সার্বক্ষণিক দেখভালের বিষয়ে বলা হয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ‘বন্যা মোকাবেলায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিক্যাল টিম এবং প্রাণিসম্পদ কার্যালয় তিনটি মেডিক্যাল টিম গঠন করেছে। প্রস্তুত রাখা হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র ও মুজিব কেল্লা। বন্যার্তদের জন্য সরকারিভাবে আমরা বেশকিছু বরাদ্দ পেয়েছি। আশা করি, কোন সমস্যা হবে না।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.