শিখন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিখন পদ্ধতিতে পরিবর্তন এনে শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ‘ডায়ভার্সিফায়েড নলেজ’ দিতে হবে। শিখন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। সনাতন পদ্ধতিতে শেখালে চলবে না; আধুনিক পদ্ধতির ব্যবহার করতে হবে।’

বুধবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিসট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে প্রান্তিক পর্যায়ের কলেজ শিক্ষকদের মাস্টার ট্রেইনারের অংশ হিসেবে অ্যাডভান্স প্যাডাগোজি বিষয়ে ২৮দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের উন্নত মানসিকতা তৈরিতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তারা যেন অভিজাত মানসিকতার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা চাই শিক্ষার্থীরা সাম্য ও মানবিকতায় উন্নত মানসিকতার হোক। তারা যেন বিভেদ না শিখে। তারা যেন ব্যবহারিক জ্ঞানে আগ্রহী হয়ে উঠে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘চাকরির বিশ্ববাজার সম্পর্কে শিক্ষার্থীরা যেন ধারণা পায়। বিশ্বে আমাদের দক্ষ জনশক্তি খুবই প্রয়োজন। দক্ষতা অর্জন করতে পারলে বিশ্ববাজারে চাকরির অভাব নেই। সুতরাং তত্ত্বীয় জ্ঞানের চেয়ে আমাদেরকে দক্ষতাভিত্তিক জ্ঞানের দিকে বেশি নজর দিতে হবে। সফ্ট স্কিল শেখাতে হবে। তাহলেই আমরা স্মার্ট সিটিজেন তৈরি করতে পারব।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিয়ামের মহাপরিচালক মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মহাপরিচালক মো. মতিয়ার রহমান, সিইডিপির প্রকল্প পরিচালক মোহাম্মদ খালেদ রহীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. দিবা হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘আমাদের যে শিক্ষার্থী ক্লাসবিমুখ হয়ে উঠেছে, আমাদের যে অভিভাবকের মধ্যে হতাশা কাজ করছে, তাদেরকে আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে সংযোগ করে দিতে হবে। আমরা গ্রন্থ রচনা প্রকল্প করেছি। গবেষণা প্রস্তাবনা রেখেছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.