গোপালগঞ্জ: পেছন থেকে মাথায় পচা ডিম ছুঁড়ে কলেজশিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক মৃণাল বিশ্বাস শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদের নেতৃত্বে রাতে জরুরি সভা হয়। সভায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদ বলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের বিএ অনার্স পরীক্ষা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। গত ১২ জুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আধুনিক মুসলিম রাষ্ট্রের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ৩-৪ জন শিক্ষার্থী দেখাদেখি ও কথা বলছিলেন। তখন ৪০৮ নম্বর কক্ষের দায়িত্বে ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি তাদের বারবার সতর্ক করনে। এসময় তারা শিক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে শিক্ষক খাতা নিয়ে নেওয়া হবে বলে জানান। এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয়। সোমবার চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা ছিল। কলেজের কাজ শেষ করে শহরের উদয়ন রোডের বাসায় যাচ্ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি বঙ্গবন্ধু কলেজে ক্যাম্পাসের অডিটোরিয়াম সড়কে পৌঁছালে তার মাথায় পেছন থেকে পচা ডিম ছুঁড়ে মারা হয়।
কলেজশিক্ষক মৃণাল বিশ্বাস বলেন, ‘ধারণা করছি, ১২ জুনের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় রাত সাড়ে ১১টার দিকে অভিযোগ দিয়েছি।’
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
