নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম স্থান লাভ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শিক্ষা মন্ত্রণালয়ের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ইউজিসি এ স্থান লাভ করে। এ উপলক্ষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।
বুধবার (২৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পাদন এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং সবার নিচে ২৩ নম্বর অবস্থানে আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। গতকাল এই তালিকা প্রকাশ করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।এতে সাক্ষর করেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব নুর-ই-আলম। তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এতে বিভিন্ন ক্যাটাগরি মোট ১০০ নম্বরের স্কোর হিসাব করে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হয়। ১০০ নম্বরের মধ্যে ইউজিসি ৯৩.৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন এবং ৩০.৬ নম্বর পেয়ে ২৩ নম্বরে অবস্থা করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।
বুধবার ইউজিসির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এপিএ ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ।

এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
অনুষ্ঠানে ড. ফেরদৌস জামান দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এপিএ চুক্তি যথাযথ বাস্তবায়ন করা গেলে শিক্ষা ও গবেষণায় দেশ এগিয়ে যাবে এবং বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্ক্ষিত স্থান অর্জন করতে সক্ষম হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
