সাংবাদিকতা নিয়ে কেন পড়বেন

নিজস্ব প্রতিবেদক।।

কল্পনা করুন আপনি একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান করছেন যা অন্যায়কে উন্মোচন করবে বা সত্যকে উদ্ঘাটন করবে অথবা আপনি একটি গল্প লিখছেন যা লক্ষ লক্ষ মানুষকে করতে পারে অনুপ্রাণিত। সাংবাদিকতা এইসব এবং আরও অনেক কিছু করার সুযোগ দেয়।

সাংবাদিকতায় কিছু চ্যালেঞ্জিং বিষয় থাকে। যেমন, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা কঠিন হতে পারে, বিশেষ করে যদি সেগুলি সংবেদনশীল বা গোপনীয় হয়। অনুসন্ধানমূলক সাংবাদিকরা প্রায়শই হুমকি, হয়রানি, এমনকি শারীরিক আক্রমণের ঝুঁকিতে থাকেন। দেখা যায় তাদের ব্যক্তিগত জীবন ত্যাগ করতে হচ্ছে এবং দীর্ঘ সময়ের জন্য তাদের পরিবার ও বন্ধুদের থেকে দূরে থাকতে হয়। এছাড়াও সময় সাপেক্ষে তথ্য সংগ্রহ ব্যয়বহুলও হয়।

সাংবাদিকতায় ইস্যু ও বিষয়ভিত্তিক প্রকরণ হিসেবে সংবাদের রয়েছে হরেক রকম নামকরণ। জনপ্রিয় কিছু বিষয়ের মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি, ক্রাইম, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, লাইফস্টাইল, আন্তর্জাতিক। প্রতিটি বিষয়ে নিজস্ব বিশেষজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন, এবং সাংবাদিকরা সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ে কাজ করতে পছন্দ করেন। যাতে তারা গভীরভাবে সেই বিষয়টি সম্পর্কে জানাশোনা এবং দক্ষতা অর্জন করতে পারেন।

এজন্য বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে গণযোগাযোগ ও সাংবাদিকতা একটি জনপ্রিয় বিষয়। এই বিষয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মিডিয়া হাউস, কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও, এমনকি আন্তর্জাতিক সংস্থায় কাজ করতে পারে।

বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেল ও পত্রিকার সংখ্যা বাড়ার সাথে সাথে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে শিক্ষার্থীদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বিষয়ে দক্ষ পেশাদারদের প্রয়োজনীয়তাও ক্রমেই বাড়ছে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ বিশেষজ্ঞদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, তাঁদের ভূমিকা ব্র্যান্ডিং, জনসংযোগ এবং যোগাযোগ ব্যবস্থাপনায় অপরিহার্য। উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী বিদেশেও যাচ্ছেন, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি করছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারছেন, যা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয় থেকে স্নাতক সম্পন্ন শিক্ষার্থীরা দেশবিদেশের বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা, জনসংযোগ ফার্ম, এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পান। এছাড়াও, অনেকে উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যান, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি করে। বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন।

এই বিষয়টি নিয়ে পড়লে একজন শিক্ষার্থী তার যোগাযোগ দক্ষতা, লেখার দক্ষতা (বাংলা ও ইংরেজি), অনুবাদ দক্ষতা, ফিচার লেখার দক্ষতা, নিউজ এডিটিং,প্রেজেন্টেশন স্কিল, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি, তথ্য যাচাইকরণ ও গবেষণা দক্ষতা অর্জন করতে পারবে।

যারা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চায় তাদের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা একটি চমৎকার বিষয়। তবে এই পেশায় যোগদানের আগে আগ্রহ, দক্ষতা এবং মানসিক প্রস্তুতি নিশ্চিত করা জরুরি। তাহলে আর দেরি কেন? সাংবাদিকতা পড়া শুরু করুন এবং নিজেকে নিয়ে যান সত্যের শিখরে।

শিবা /জামান


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.