বিসিএস শিক্ষা ক্যাডার নির্বাচনে এক কেন্দ্রের ভোট বাতিল

ঢাকা: বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) শিক্ষা ক্যাডারের সবচেয়ে বড় সংগঠনের নেতৃত্বে বাচাইয়ে ভোট দিয়েছেন দেশের শিক্ষা প্রশাসন ও বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৩ হাজারের বেশি শিক্ষক-কর্মকর্তা। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে ফেনীর ফুলগাজী সরকারি কলেজ কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভোটগ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করনীয়’-সংক্রান্ত নির্দেশনার ক্রমিক ১৬ এর (ঙ) অনুচ্ছেদে সুস্পষ্ট নির্দেশনা ছিল যে, ‘শতভাগ ভোট প্রদান শেষ হয়ে গেলেও বিকাল ৪টার পূর্বে ভোট গণনা করা যাবে না’। কিন্তু সরকারি কলেজ এ নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পূর্বে ভোট গণনার ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ওই ভোটকেন্দ্রের ফলাফল বাতিল করা হলো।’

জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কোনো ধরনের নেতিবাচক ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ফেনীর ফুলগাজী সরকারি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণের শেষ সময়সীমার আগেই ফল প্রকাশ করায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.