নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাজারে কারসাজি করে অযৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
ঈদুল আজহা সামনে রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে শনিবার (৮ জুন) রাজধানীর পুরান ঢাকাস্থ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
ভোক্তা অধিদফতরের মহাপরিচালক বলেন, দাম বাড়ার কথা না থাকলেও অযৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে। বিগত রোজায় দেখা গেছে, কিছু পণ্যের চাহিদাকে পুঁজি করে বাজার অস্থির করা রাখা হয়েছিল। তেমনিভাবে কোরবানি এলেই গরম মসলার দাম বাড়ে। গত এক মাসে গরম মসলার দাম বেড়েছে ৭০ শতাংশ। এভাবে দাম বাড়ার কথা না। তাহলে নিশ্চয়ই বাজারে কোনো কারসাজি হচ্ছে!
বিগত মাসে গরম মসলার দাম অতিরিক্ত বেড়েছে উল্লেখ করেন তিনি। এরপর কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সফিকুজ্জামান বলেন, বাজারে কিছু পণ্যের দ্রব্যমূল্য বাড়ার কিছু যৌক্তিক কারণ আছে। ডলারের দাম বৃদ্ধি, ডলার সংকট, জ্বালানির দাম বৃদ্ধি ও এলসির সমস্যার মতো কিছু কারণ আছে। এসব সমস্যা অস্বীকার করার সুযোগ নেই। তাছাড়া সব ব্যবসায়ী খারাপ না। কতিপয় ব্যবসায়ীর জন্য সবার বদনাম হয়। ব্যবসায়ীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. গোলাম মওলা প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
