নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় শিক্ষানীতির আলোকে আগামী তিন বছরে দেশের এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে। এই বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার।
গত কয়েক বছরে পরীক্ষামূলকভাবে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি চালু করা হয়েছে। তবে এই বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় পাঠদানে সমস্যা দেখা দিয়েছিল। সমস্যা সমাধানে নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
জানা গেছে, ২০১০ সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণি পর্যন্ত করার কথা বলা আছে। এই শিক্ষানীতি তৈরির ছয় বছর পর ২০১৬ সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও দীর্ঘদিনেও সরকার সেটি বাস্তবায়ন করেনি।
বিষয়টি গত ৫ মে আন্তমন্ত্রণালয়ের সভায় নতুন করে আলোচনায় আসে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবৈতনিক পাঠদান কার্যক্রম ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করবে বলে সিদ্ধান্ত। আর শিক্ষা মন্ত্রণালয় নিম্নমাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কাজ করবে। সেই সভার রেজ্যুলেশন বের হলে ধাপে ধাপে তিন বছরে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করবে সরকার। একই সাথে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হওয়া বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবে সরকার।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো তিন বছরে এক হাজার বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা। যে সকল বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠদান শুরু হবে সেখানে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা সভার রেজ্যুলেশনের অপেক্ষায় আছি। রেজ্যুলেশন পেলে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’
বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত। ২০১০ সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণি পর্যন্ত করার কথা বলা আছে। ছয় বছর পর ২০১৬ সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও সরকার সেটি বাস্তবায়ন করেনি। তবে নতুন করে আন্তমন্ত্রণালয়ের সভায় এটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এরই মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনগুলোতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি চালু করা যায়—এমন বিদ্যালয়ের তথ্য দিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রসঙ্গত, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেনসহ) প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ১৪ হাজার ৫৩৯টি। এর মধ্যে সরকারি ৬৫ হাজার ৫৬৬টি। অবশ্য জাতীয় শিক্ষানীতির আলোকে এর মধ্যে কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে ৬৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি চালু আছে।
শিক্ষাবার্তা ডট কম /জামান/০৬/০৬/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
