নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে ‘২৬ মে পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’— এমন একটি ভুয়া সংবাদ প্রচার করা হয়। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি দৃষ্টিগোচর হলে বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে এমন ভুয়া সংবাদ প্রচারের জন্য এবার থানায় সাধারণ ডায়রি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ মে) গাজীপুরের গাছা থানায় জিডি করা হয়েছে। এতে বলা হয়েছে, সাইবার অপরাধীদের একটি সংঘবদ্ধ চক্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার হীন প্রয়াসে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি বিকৃত করে অপপ্রচার চালিয়েছে। যার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে গাজীপুরে গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৪০৮।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার বিষয়ে আবহাওয়া সংবাদ সম্পর্কে অবহিত হয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৬ মে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করে। এ বিজ্ঞপ্তি সব গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সাইবার অপরাধীদের এক সংঘবদ্ধ চক্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার হীন প্রয়াসে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিটি বিকৃত করে অপপ্রচার চালিয়েছে। যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম /২৮/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
