ময়মনসিংহ: জেলার ফুলপুরে বাড়ির পুকুরে পানি দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের বেধড়ক মারধরে উপজেলার গোয়াতলা রঘুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার বওলা ইউনিয়নের পুরাননগর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ১০টার দিকে বাড়ির পুকুরে পানি দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই জাকারিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কামাল উদ্দিনকে মারধর করা হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মাহবুবুর রহমান বলেন, প্রধান শিক্ষক নিহতের খবর পেয়ে ফুলপুরের সার্কেল এএসপি মো. আতাহারুল ইসলাম তালুকদার ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাতো ভাই জাকারিয়া, মুহিবুল্লাহ ও তাদের মাসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
