নিজস্ব প্রতিবেদক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের চূড়ান্ত ফল বুধবার রাতে প্রকাশ হচ্ছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইলফোনে পাঠানো এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও জানা যাবে ফল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে জানান, চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ শেষ করেছে বুয়েটের বিশেষজ্ঞ টিম। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল বুধবার প্রকাশ হবে।
দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার মধ্যে একটি জেলার মৌখিক পরীক্ষার ফল দেরিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ কারণে চূড়ান্ত ফল তৈরিতে কিছুটা দেরি হয়।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ২০ হাজার ৬৪৭ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।
শিবা/জামান/১৫/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
