রাজশাহীঃ জেলার তানোরে ফেসবুকে কাস্টমস অফিসার সেজে শিক্ষকের সঙ্গে প্রেম করে নাজির হোসেন নামে এক ব্যক্তি। বিয়ের কথা বলে হাতিয়ে নেয় ১৮ লাখ টাকা। এ ঘটনায় মামলা হলে রবিবার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি একই উপজেলার কলমা গ্রামে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তানোর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সঙ্গে বছরখানেক আগে ফেসবুকে পরিচয় হয় নাজির হোসেনের (৩৭)। সেই থেকে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। নাজির নিজেকে মোংলা বন্দরের কাস্টমস অফিসার এবং অবিবাহিত বলে পরিচয় দেয়। ওই শিক্ষক তালাকপ্রাপ্ত জানার পরও বিয়ের প্রলোভন দেয় নাজির। বিভিন্ন সময় তাঁর কাছ থেকে হাতিয়ে নিতে থাকে টাকা-পয়সা। সবশেষ গত ৩ মার্চ জমি, পুকুর ও মোটরসাইকেল কেনার কথা বলে ৮ লাখ ৬০ হাজার টাকা নেয়। এভাবে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেয় নাজির।
ভুক্তভোগী বলেন, ‘২০ এপ্রিল কাজি অফিসে গিয়ে সরল বিশ্বাসে নাজিরকে বিয়ে করি। তবে তার কথায় সেই দিনই আমি বাবার বাড়িতে একা চলে আসি। কিন্তু ২৫ এপ্রিল নাজির ডাকযোগে আমার স্কুলে ও বাবার বাড়ির ঠিকানায় আমাকে ডিভোর্স লেটার পাঠায়। খোঁজ নিয়ে জানতে পারি, নাজির আগেও দুটি বিয়ে করেছে। এলাকায় সে প্রতারক বলে পরিচিত। সবকিছু জানার পর ১৮ লাখ টাকা চাইলে নাজির আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেছি।’
তানোর থানার ওসি আবদুর রহিম বলেন, প্রতারণার মামলায় আসামি নাজির হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
