এইমাত্র পাওয়া

ফেনসিডিলসহ ভিডিও ভাইরাল, সেই শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।

পুলিশের হাতে অবশেষে ধরা পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেনসিডিলসহ জনতার হাতে আটক হয়ে পালিয়ে যাওয়া সহকারী শিক্ষক আহসান আলমগীর আপেল (৪২)। শুক্রবার (৫ এপ্রিল) রাতে নীলফামারীর ডোমার উপজেলার সোনরায় বাজার এলাকার বাড়ি থেকে তাকে আটক করে নীলফামারী সদর থানা পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পলাশবাড়ি এলাকায় ফেনসিডিলসহ জনতার হাতে আপেলের আটক হওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আপেল সোনারায় এলাকার খোড়শেদ আলমের ছেলে ও উপজেলার একটি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি তারভিরুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে অভিযানের পর আপেলকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) আপেল চলন্ত মটরসাইকেল হতে পড়ে গেলে একটি কাগজের কার্টুন হতে বেশকিছু ফেনসিডিলের বোতল পড়ে যায়। ওই সময় এলাকাবাসী তাকে আটক করে। কিন্তু কৌশলে আপেল সেখান হতে পালিয়ে যায়। ফেনসিডিলসহ জনতার হাতে আটক হওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আপেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত।

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৭/০৪/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.