এইমাত্র পাওয়া

মুক্তি পাচ্ছে দেশের সাত সিনেমা

আনন্দধারা ডেস্ক।।

বাঙালির আবেগের সঙ্গে জড়িত বায়ান্নর ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ‘জীবন থেকে নেয়া’, ‘বাঙলা’, ‘ফাগুন হাওয়ায়’ ছাড়া তেমন কোনো সিনেমা নেই। তাই ফেব্রুয়ারি মাস এলেই এটা নিয়ে শুরু হয় আলোচনা। এই মাসে ভাষা নিয়ে নির্মিত সিনেমা মুক্তির কথা বলেন এই অঙ্গনের মানুষেরা; যেহেতু ভাষার সিনেমা নেই তাই এই মাসে ভারতীয় ছবি মুক্তি না দেওয়ার আকুতি জানিয়েছিল চলচ্চিত্রের ১৯ সংগঠন। সেই আকুতিতে সাড়া দিয়ে কোনো ভারতীয় ছবি আমদানি না করার সিদ্ধান্ত জানিয়েছে আমদানিকারক-পরিবেশকরা।

এই মাসে দেশি ছয়টি ছবি মুক্তির জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথম শুক্রবারে কোনো নতুন ছবি মুক্তি পায়নি। গত বছর [১৮ আগস্ট] মুক্তি পেয়েছিল হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’। ভাষার মাসে আবারও ছবিটি মুক্তি পেয়েছে ঢাকার মাল্টিপ্লেক্সে। ২ ফেব্রুয়ারি থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুর শাখায় চলছে প্রতিদিন ছবিটির ছয়টি করে প্রদর্শনী। নতুন করে ছবি মুক্তি পাওয়া নিয়ে সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস শুরু হয়েছে। এসব চিন্তা থেকেই সিনেমাটি আবার আমরা প্রদর্শন করছি।’

সিনেমার পরিচালক হৃদি হক বলেন, ছবিটির চাহিদা সব সময় থাকছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শন করার পর দর্শকের প্রতিক্রিয়া ছিল খুবই আবেগঘন। এ ছাড়া নানা সময়ই স্টার সিনেপ্লেক্সে দর্শকেরা গিয়ে জানতে চাইতেন- ‘১৯৭১ সেই সব দিন’ চলছে কিনা, চলবে কিনা। এসব কথা মাথায় রেখেই হয়তো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ছবিটি আবার মুক্তি দিয়েছে। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই ‘১৯৭১ সেই সব দিন’-এর গল্প। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। এ ছাড়া তারকাবহুল এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা পেয়ারার সুবাস। এতে জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকে অভিনয় করেছেন। গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে সিনেমাটির। একই দিন মুক্তি পাবে দ্বীন ইসলাম পরিচালিত অপু বিশ্বাস অভিনীত ‘ট্র্যাপ’। এতে অপুর বিপরীতে থাকছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ। অপু বিশ্বাস অভিনীত আরেক সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি।

চা শ্রমিকদের জীবনের গল্পে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসসহ আরও অভিনয় করেছেন নিরব, নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। একই দিন মুক্তি পাবে সরকারি অনুদানে নির্মিত সিনেমা শ্রাবণ জ্যোৎস্নায়। একই নামে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আবদুস সামাদ খোকন। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন দীঘি ও জী আবদুন নূর। ২৩ ফেব্রুয়ারি মুক্তির তালিকায় রয়েছে ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ ও ‘তালমাতাল’।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.