নতুন কারিকুলাম বিরুদ্ধে বিবৃতি ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের

ঢাকাঃ পাঠ্য বইয়ে কোমলমতি শিশুদের মেধা, শিক্ষা ও নৈতিকতা ধ্বংসকারী শিক্ষা কারিকুলাম উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।

নতুন কারিকুলামে ৬ষ্ঠ শ্রেণির পাঠ্য বইয়ে স্বাস্থ্য সুরক্ষা ও বিজ্ঞান শিক্ষার নামে যা শেখানো হচ্ছে, তা স্পষ্ট যৌন শিক্ষা’। এই যৌন শিক্ষা পাঠ সভ্য সমাজের পাঠ্য বই হতে পারে না। তাই এ বই অবিলম্বে বাতিল করতে হবে। বিশেষ করে, ৬ষ্ঠ শ্রেণির শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ৪৭ থেকে ৪৯ পৃষ্ঠায় বয়ঃসন্ধিকালে নারী-পুরুষের দেহের পরিবর্তন, নারী-পুরুষের শরীর থেকে কি নির্গত হয়, কোন অঙ্গের আকার কেমন হয়, বিপরীত লিঙ্গের প্রতি কেমন আকর্ষণ হয় ইত্যাদি শেখানো হচ্ছে।

এছাড়া বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ১১তম অধ্যায়ের ‘মানব শরীর’ শিরোনামে ১১৯ থেকে ১২২ পৃষ্ঠায় যৌন- হরমোন ইত্যাদি রগরগে বিষয় বর্ণনা সহকারে কোমলমতি শিশুদের পড়ানো হচ্ছে, যা খুবই উদ্বেগের বিষয় বলেও জানান তিনি।

বিবৃতিতে কবির বলেন, ৬ষ্ঠ শ্রেণির একটি সন্তানের বয়স কত হয়? ১১ থেকে ১৩ বছর হয়। এই বয়সে সব শিশু বয়ঃসন্ধিতে পৌঁছায় না। কিন্তু সেই বয়সেই এ ধরনের শিক্ষা সন্তানের মনে ভয়ঙ্কর কু-প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, সবচেয়ে জটিল বিষয় হচ্ছে, শ্রেণিকক্ষে পাঠ্য এই বিষয়গুলো নিয়ে ছাত্র-ছাত্রীদের দলগত আলোচনা করতে হয়। আবার দলগত ভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়, সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে ত্রিভুজ পেতে হয়। কিন্তু এ বিষয়গুলো প্রকাশ্যে আলোচনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে যে লজ্জার বাঁধন থাকে, সেটা উঠে যাচ্ছে। বিশেষ করে, এই শিক্ষা নিয়ে ক্লাস রুমে ছাত্র-ছাত্রীরা যখন দলগত আলোচনা করবে, তখন তারা যে অনৈতিক কোন কথা বা কাজ করে বসবে না, তার নিশ্চয়তা কি? তাছাড়া, বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের কাছ থেকে ছাত্রীরা নির্যাতনের শিকার হচ্ছে। এসব পড়ানোর নাম করে, শিক্ষকরা শিক্ষার্থীদের থেকে কোন অনৈতিক সুযোগ নিতে চাইবেন না, তার নিশ্চয়তা অভিভাবকরা পাবে কোথায়?

তিনি আরও বলেন, মানুষ মাত্রই বড় হবে, বয়ঃসন্ধিকালে পৌঁছাবে, এটাই যুগ-যুগান্তরে স্বাভাবিক নিয়ম। আজকে যারা মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী, খালা-মামারাও এক সময় এই বয়সে ছিলো। তারা এক সময় প্রয়োজনের সমাধানও পেয়েছেন। কিন্তু তারা ঢাক-ঢোল পিটিয়ে বয়ঃসন্ধির শিক্ষা নেননি। তাই বলে তাদের বিরাট ক্ষতি হয়ে গেছে এমনটা নয়। বরং আজকের যুগে অভিভাবকরা আরও ভয়ের মধ্যে থাকে, না জানি তার সন্তান কি ভুল করে বসে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.