ঢাকাঃ সম্প্রতি, নতুন জাতীয় শিক্ষা কারিকুলামের বিষয়ে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা দেখেছে রিউমর স্ক্যানার টিম। এর মধ্যেই একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, একদল নারী-পুরুষের ব্যাঙ নৃত্যের প্রশিক্ষণে অংশ নিয়েছেন। দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশ সরকারের নতুন শিক্ষা কারিকুলামের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের দৃশ্য।
উল্লিখিত দাবিতে ‘Tahjib Media’ নামের একটি পেজ থেকে প্রচারিত ফেসবুকে সবচেয়ে ভাইরাল পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৩ কোটি ১০ লক্ষ বার দেখা হয়েছে, শেয়ার করা হয়েছে প্রায় ২৫ হাজার বার। এছাড়া, এই পোস্টগুলোতে প্রায় ১ লক্ষ ১৭ হাজার পৃথক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। ভাইরাল পোস্টগুলোর মন্তব্যঘর ঘুরে পোস্টটির দাবির প্রেক্ষিতে অধিকাংশ নেটিজেনকে নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।
জানা যায়, আলোচিত ভিডিওটি দেশের নতুন শিক্ষা কারিকুলামের কোনো দৃশ্য নয় বরং কাব স্কাউটের প্রশিক্ষণের অনুষ্ঠানে স্কাউটের সিলেবাসের অংশ হিসেবে এই ব্যাঙ নৃত্যের প্রশিক্ষণ দেওয়ার ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে ব্যাঙ নৃত্যের প্রশিক্ষক এবং তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন নারীর পরনে যে পোশাক রয়েছে তা স্কাউটের পোশাক বলেই প্রতীয়মান হয়। প্রশিক্ষকের গলায় স্কাউটের স্কার্ফও রয়েছে।
এদিকে শিক্ষাক্রমে ত্রুটিবিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, এ নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রবিবার রাষ্ট্রীয় সংস্থাটি এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
এনসিটিবির সচিব নাজমা আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাক প্রাথমিক হতে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। বাংলাদেশের মানসম্পন্ন শিক্ষা উন্নয়ন ও প্রসারে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা লক্ষ করছি স্বার্থান্বেষী একটি গোষ্ঠী সম্প্রতি নতুন জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন ও ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা আমাদের জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থি কাজকে শিক্ষাক্রমের কাজ বলে প্রচার করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
