ঢাবি শিক্ষক কোয়ার্টারে কিশোরী গৃহকর্মীর রহস্যমৃত্যু

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় ফাতেমা মিম (১৫) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহকর্ত্রীর দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহকর্ত্রী ডা. ইসরাত জাহান জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইশাখা রোডের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় থাকেন। গত ১ বছর ৪ মাস যাবৎ তার বাসায় গৃহকর্মীর কাজ করছিলে ফাতেমা। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে তার বাবা-মা দুজনই আলাদা থাকেন।

তিনি দাবি করেন, আজ ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাসার একটি রুমের ভেতর ফাতেমাকে ফ্যানের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরবর্তীতে তিনি ও তার স্বামী ঝুলন্ত অবস্থায় থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমার। তার সাথে নিয়মিত কথা বলতে এবং মাঝেমধ্যেই ছেলেটি তাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকত বলে জানান গৃহকর্ত্রী।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, প্রাথমিকভাবে জানা গেছে কোনো একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতির কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার বাবা-মায়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.