এইমাত্র পাওয়া

ঢাবি শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদে মানববন্ধন

বাস মালিক ও শ্রমিকদের ধর্মঘটে বুধবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদ ও হামলার সাথে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ডাকসু সহ-সভাপতি নুরুল হক নুর বলেন, পরিবহন শ্রমিকদের স্বার্থে আঘাত লাগলে তারা আন্দোলন করবে এটি স্বাভাবিক। কিন্তু সেখানে কোন সাধারণ মানুষের মুখে কালি মাখাতে হবে কেন? আন্দোলনের নামে গাড়ি ভাংচুর করতে হবে কেন? এটি কোন আন্দোলন না। এটি একটি উস্কানিমূলক নৈরাজ্যের আন্দোলন ছিলো।

পুলিশের সমালোচনা করে তিনি আরো বলেন, শিক্ষার্থীসহ ঢাবির বাসের উপর হামলা হয়েছে আর পুলিশ কর্মকর্তা নিরব দর্শকের মতো তা ভিডিও করছেন। ভিডিও না করে তার উচিত ছিলো শিক্ষার্থীদের রক্ষা করা।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ নোমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের উপরে হামলা মানে ঢাবির ঐতিহ্যের উপর হামলা, বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীর ওপর হামলা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারকে আহ্বান জানিয়ে তিনি ধর্মঘটের নামে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর করে তারা সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাকসু সহ-সভাপতি নুরুল হক নুর, ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ নোমান, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, সদস্য মাহমুদুল হাসান, সদস্য রফিকুল ইসলাম সবুজ, সদস্য তিলোত্তমা শিকদার প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.