যে বাড়িতে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেছিলেন সেটিকে পুলিশ স্টেশনে পরিণত করা হবে বলে জানিয়েছে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।হিটলারের জন্মস্থান নিয়ে বছরের পর বছর আইনি লড়াইয়ের পর অস্ট্রিয়ার সরকার এই পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়।
১৯ নভেম্বর, মঙ্গলবার অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় সরকারী এই পরিকল্পনার কথা প্রকাশ করে। হিটলারের জন্মস্থান যেন নব্য নাৎসিদের তীর্থস্থানে পরিণত না হয় সেজন্য সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
অস্ট্রিয়া-জার্মান সীমান্তের কাছে ব্রাউনাউ শহরে ১৮৮৯ সালের ২০ এপ্রিল হিটলার জন্মগ্রহণ করেন।যে বাড়িতে হিটলারের জন্ম হয়, ২০১৬ সালে সেটিকে অস্ট্রিয় সরকার নিজের নিয়ন্ত্রণে নেয়।
তবে বাড়িটি সরকারী নিয়ন্ত্রণে আনার জন্য এটির মালিক গারলিন্ড পোমারের পরিবারের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই করতে হয়েছে সরকারকে। প্রায় এক শতাব্দী ধরে বাড়িটি ওই পরিবারের মালিকানাধীন ছিল।
চলতি বছর অস্ট্রিয়ার শীর্ষ আদালত ক্ষতিপূরণের বিনিময়ে বাড়িটি সরকারের কাছে হস্তান্তরের আদেশ দেয়।
এখন এই ভবনটিকে ভেঙে নতুন ভবন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য ভবনের নকশা জমা দিতে স্থপতিদের কাছে আহ্বান জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উলফগ্যাং পেশকর্ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভবিষ্যতে পুলিশের জন্য এই বাড়িটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে সুস্পষ্টভাবে এই বার্তাই দেয়া হচ্ছে যে এটি কখনোই নাৎসিদের তীর্থস্থানে পরিণত হবে না।
যদিও হিটলার খুব কম সময় এই বাড়িতে অতিবাহিত করেছেন কিন্তু তা সত্ত্বেও বিশ্বব্যাপী নাৎসি সমর্থকদের কাছে বাড়িটির আলাদা একটি মূল্য ছিল। এছাড়া প্রতিবছর হিটলারের জন্মদিনে এই ভবনের বাইরে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল