ঢাকাঃ রাজধানীর সেগুনবাগিচায় একটি আবাসিক হোটেল থেকে মনিন্দ্র নাথ বাড়ৈ (৪৭) নামে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে সেগুনবাগিচায় ‘হোটেল দা গ্রান্ড হায়াত’-এর দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত মনিন্দ্র নাথ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ি গ্রামের মাখন লাল বাড়ৈর ছেলে। স্ত্রী শিল্পী, এক ছেলে ও এক মেয়েনহ স্কুলের কোয়ার্টারে থাকতেন।
মৃতদেহ উদ্ধারকারী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী জানান, গত ২০ সেপ্টেম্বর বিকেলে স্কুলের কাজের কথা বলে গ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। এসে সেগুনবাগিচার ওই আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি রুমে ওঠেন। গতকাল বৃহস্পতিবার হোটেল ছাড়ার কথা ছিল তার। কিন্তু হোটেল থেকে বের না হওয়ায় গতকাল দুপুরের দিকে হোটেল কর্তৃপক্ষ দরজা নক করে তার কোনো সাড়া পায় না। এরপর বিকেলে আবার দরজা ধাক্কাধাক্কি করেও কোনো কাজ না হলে থানায় খবর দেয় তারা।
এসআই আরও জানান, খবর পেয়ে রাতে ওই হোটেলে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায়, ওই ব্যক্তি ফ্যানের সাথে বিদ্যুতের তার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে মৃত মনিন্দ্র নাথের ভাগ্নে প্রসেন জিৎ বাগচী জানান, গত ২০ সেপ্টেম্বর স্কুলের কাজের কথা বলে গ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। বৃহস্পতিবার দুপুরের পর থেকে পরিবারের কেউ তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। রাতে পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, ঢাকায় একটি হোটেলে তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কেও তারা কিছুই ধারণা করতে পারছেন না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
