এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে শিক্ষককে মারধর

বগুড়াঃ জেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সকাল ১০ টার দিকে জেলার ধুনট উপজেলার ঝিনাই হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা দেখা দিলেও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী রোমান হোসেন উপজেলার শিয়ালী গ্রামের ওমান প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। এক মাস আগে ঝিনাই হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার আবাসিকে ভর্তি হন রোমান। রবিবার বিরতির (টিফিন) সময় মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলাম ঘুমিয়ে পড়েন। শিক্ষার্থী খেলাধূলার সময় জোরে শব্দ করলে শিক্ষকের ঘুম ভেঙে যায়। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে রোমান বাঁশের কঞ্চি দিয়ে পেটাতে থাকেন। পরে সকাল ১০টার দিকে রোমান বাড়িতে ফিরে বিষয়টি তার অভিভাবকদের জানায়। তখন তারা ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষককে মারধর করেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে অভিভাবকদের হাত থেকে ওই শিক্ষককে রক্ষা করে।

শিক্ষক আরিফুল ইসলাম জানান, পড়াশোনায় মনোযোগী না হওয়ায় রোমানকে শাসন করা হয়েছে। এ ঘটনায় তার অভিভাবকরা আমাকে মারধর করেছে।

এ বিষয়ে রোমানের দাদা ফটিক মন্ডল বলেন, আমার নাতিকে পিটিয়ে আহত করার কারণ জানতে চাইলে ওই শিক্ষক উল্টাপাল্টা কথা বলতে থাকেন। তখন আমার সঙ্গের লোকজন উত্তেজিত হয়ে তাকে চড়-থাপ্পড় মারেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.